মা ইলিশ সংরক্ষণে রায়পুরে অভিযান, জব্দ ২৮ হাজার মিটার কারেন্ট জাল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫ এর অংশ হিসেবে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল থেকে মেঘনা নদীতে অভিযান চালিয়েছে রায়পুর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।

অভিযানটি পরিচালনা করেন রায়পুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান। এতে সহায়তা করে কোস্টগার্ডের বিসিজি স্টেশন রায়পুর। উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার।

অভিযানে ২৮ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা। এ সময় ১৮ কেজি ইলিশ মাছও উদ্ধার করা হয়।

পরে পৌর এলাকার পুরানবেড়ি ঘাটে জনসম্মুখে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান প্রথম আলোকে বলেন,

“মা ইলিশ সংরক্ষণে সরকারের নির্দেশনা অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নিয়মিত তদারকি ও নদীতে টহল চলবে।