
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫-এর অংশ হিসেবে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পরিচালিত অভিযানে গত ১৫ দিনে প্রায় ১ কোটি ২৮ লাখ ৬৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় এক হাজার আট কেজি ইলিশ মাছ এবং আটক করা হয় ৩৬ জনকে।

নৌ পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চালিয়ে জব্দ করা হয় ১৮টি নৌকা এবং দায়ের করা হয়েছে ১৫টি মামলা। এর মধ্যে ২ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একজন কিশোর হওয়ায় তাকে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

চাঁদপুর অঞ্চলভুক্ত তিনটি জেলায় অভিযান পরিচালিত হয়। চাঁদপুর জেলায় দায়ের করা হয় ১১টি মামলা, আসামি ২২ জন। লক্ষ্মীপুরে ২টি মামলায় আসামি ৪ জন এবং শরীয়তপুরে ১টি মামলায় আসামি ৫ জন।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার জানান, “মা ইলিশের নিরাপদ প্রজননের জন্য এই অভিযান অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে ইলিশের উৎপাদন বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ নিশ্চিত করা।”
সরকার ঘোষিত ২২ দিনের ইলিশ প্রজনন মৌসুমে ইলিশ আহরণ, মজুত, পরিবহন, বিপণন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। এ সময় প্রতিদিনই নদীতে অভিযান চালাচ্ছে নৌ পুলিশ, কোস্ট গার্ড, মৎস্য বিভাগসহ আইনশৃঙ্খলা বাহিনী।
