
ঢাকা: ভূমি মন্ত্রণালয় নিয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা নেতিবাচক ধারণা পরিবর্তন করে ঘুষ-দুর্নীতিমুক্ত একটি জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমিভবন পরিদর্শনকালে ভূমিসেবা কলসেন্টার ও সিটিজেন কেয়ার সেন্টার ঘিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভূমিসেবাকে আরও জনবান্ধন করা হবে। এ মন্ত্রণালয়ে কাজ করা চ্যালেঞ্জ, তবে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।”
ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স
ভূমিমন্ত্রী আরও জানান, সেবাক্ষেত্রে ঘুষ-দুর্নীতি বন্ধ করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। অভিযোগ এলে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যরিস্টার কায়সার কামাল। তিনি বলেন, “বিগত ১৭ বছর যারা দায়িত্বে ছিলেন, তারা শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী মন্ত্রণালয়টিকে বিতর্কিত করেছে। এখন থেকে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয় জিরো টলারেন্সে থাকবে। কোন বাট ইফ থাকবে না।”
নাগরিক সচেতনতা ও গণমাধ্যমের ভূমিকা
ভূমি প্রতিমন্ত্রী আরও বলেন, “বিদ্যমান সেবা সম্পর্কে নাগরিকরা অনেকেই জানেন না। সেবার প্রচার বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।”
