
সোহেল রানা বাবু : বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে বারুইপাড়া এলাকার কার্তিক দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নানসহ স্থানীয় নেতারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এলাকার সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অনেককে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে।
তারা আরও দাবি করেন, ওই সময় এলাকায় দখলবাজি, সন্ত্রাস ও বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটেছে। এর ফলে হিন্দু-মুসলিম নির্বিশেষে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ করেন বক্তারা।
বর্তমান পরিস্থিতিতেও একই চক্র সক্রিয় হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং নতুন করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এতে এলাকায় আতঙ্ক ও অস্থিরতা তৈরি হয়েছে বলেও দাবি করা হয়।
বক্তারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার, অপপ্রচার বন্ধ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
