বাগেরহাটে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট : বাগেরহাট জেলায় ‘অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ন্যাশনাল রিপোর্ট’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়, বাগেরহাটের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. রাসিউল ইসলাম।

প্রবন্ধে জানানো হয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক পরিচালিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত ফলাফল অনুযায়ী, বর্তমানে দেশে অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা ১ কোটি ১৭ লাখে উন্নীত হয়েছে।

শুমারির তথ্য অনুযায়ী, বাগেরহাট জেলায় বর্তমানে মোট ১ লাখ ৩১ হাজার ৪৩৬টি অর্থনৈতিক ইউনিট রয়েছে। এর মধ্যে ৯৩ হাজার ১৭২টি ইউনিট পল্লী অঞ্চলে এবং ৩৮ হাজার ২৬৪টি ইউনিট শহর অঞ্চলে অবস্থিত।

সেমিনারে উল্লেখ করা হয়, দেশের কৃষি-বহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন ও অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের মৌলিক তথ্য নিরূপণের লক্ষ্যে এই শুমারি পরিচালনা করা হয়েছে। পরিসংখ্যান আইন, ২০১৩-এর অধীনে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই বৃহৎ কার্যক্রমটি সম্পন্ন করা হয়েছে।

শুমারির এই ফলাফল জেলার অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।