
নাজমুল হোসেন : বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৭টায় লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করেন সংগঠনটির শহর সভাপতি আব্দুল আউয়াল হামদু।
বিদ্যালয়ের প্রধান ফটকের দুই পাশে স্থাপন করা হয়েছে দুটি স্টল। আয়োজকেরা জানিয়েছেন, বিকেল ৫টা পর্যন্ত উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
স্টলগুলোতে বই, ডায়েরি, ক্যালেন্ডার, চাবির রিং, স্টিকারসহ বিভিন্ন ধরনের শিক্ষাসামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। পাশাপাশি বিজ্ঞানবিষয়ক বই, ওয়ার্ড বুক ও পর্যায় সারণির মতো শিক্ষাসামগ্রীও রাখা হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।
আব্দুল আউয়াল হামদু বলেন, সাধারণ শিক্ষার্থীদের সামনে মানসম্মত প্রকাশনা উপস্থাপনের মাধ্যমে তাদের জ্ঞানচর্চায় উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ছাত্রসংগঠনগুলোর মধ্যে শিক্ষামূলক ও জ্ঞানভিত্তিক ইতিবাচক প্রতিযোগিতা গড়ে উঠবে।
দশম শ্রেণির শিক্ষার্থী মো. সাজিদ বলেন, এ ধরনের আয়োজন তার কাছে নতুন ও ভিন্ন অভিজ্ঞতা। তার মতে, রাজনৈতিক কার্যক্রমের বাইরে এমন সৃজনশীল উদ্যোগ শিক্ষার্থীদের জন্য ইতিবাচক দিক তৈরি করে এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায়।
