
নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা (পলাশবাড়ী) : এসএসসি পরীক্ষা শুরুর আগের রাতেই প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি বিদ্যালয়ের ৩৬ পরীক্ষার্থী। এ সময় তাদের সঙ্গে অভিভাবকেরাও যোগ দেন। এতে ঢাকা–রংপুর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সোমবার রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের ফিলিং স্টেশন এলাকায় এ অবরোধ শুরু হয়। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন। কিন্তু পরীক্ষার আগের দিনও বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের প্রবেশপত্র দেননি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যোগাযোগ করেও কোনো সমাধান না পেয়ে তারা সড়কে নামতে বাধ্য হন।
শিক্ষার্থীরা বলেন, “এটাই আমাদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা। প্রবেশপত্র না পেলে আমরা পরীক্ষায় বসতে পারব না—এই আশঙ্কা থেকেই আমরা রাস্তায় নেমেছি।”
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গাফিলতি এবং সময়মতো বোর্ডে ফরম পূরণের টাকা জমা না দেওয়ার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান দাপাদার এবং পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান ঘটনাস্থলে যান। এ সময় ইউএনও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
ইউএনও শেখ জাবের আহমেদ বলেন, “শিক্ষার্থীদের যেন কোনো সমস্যা না হয়, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের প্রবেশপত্র দ্রুত সরবরাহ করা হবে। এ ঘটনার জন্য সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে জবাবদিহির আওতায় আনা হবে।”
পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। উপজেলা প্রশাসন জানায়, রাতেই শিক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহ করে তাদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
