প্রধানমন্ত্রীকে নিয়ে আফিজার প্রথম মেট্রোরেল চালানো

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

ডেস্ক রিপোর্ট :

তীব্র যানজটে নাকাল রাজধানীবাসীর জন্য আশীর্বাদ হয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো চাকা ঘুরছে স্বপ্নের মেট্রোরেলের। আর এই স্বপ্নযাত্রার প্রথম চালক হচ্ছেন লক্ষ্মীপুরের মেয়ে মরিয়ম আফিজা।

মরিয়ম আফিজা বলেন, মেট্রোরেল উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ যাত্রায় ছয় নারীকে চালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের ট্রেন পরিচালনার কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ দিয়েছেন মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা।

মেট্রোরেলের উদ্বোধনী যাত্রায় বুধবার দিনটি অবশ্যই আফিজার জন্য স্মরণীয় হয়ে থাকবে। কারণ, দেশ মেট্রোরেলের যুগে প্রবেশের মাহেন্দ্রক্ষণে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার পরিচালনায় ট্রেনে যাত্রী হিসেবে চেপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লক্ষ্মীপুরের মরিয়ম আফিজা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশনে যাবেন।

মেট্রোরেলের প্রথম নারী চালক হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী নিয়োগ পান। মেট্রোরেলের এই পদে ২৫ জনের সঙ্গে ২০২১ সালের ২ নভেম্বর নিয়োগ পান লক্ষ্মীপুরের মেয়ে মরিয়মও। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

লক্ষ্মীপুরের মেয়ে মরিয়ম আফিজা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। গত বছরের ২ নভেম্বর ‘ট্রেন অপারেটর’ হিসেবে নিয়োগ পেয়েছেন মরিয়ম আফিজা। এই পদে মোট ২৫ জনের মাঝে যে দুজন নারী নিয়োগ পেয়েছেন, তার মধ্যে মরিয়ম একজন।

আফিজা সম্পর্কে অত্র এলাকায় জানতে চাইলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম বলেন, আমি আফিজার সাফল্যের কথা শুনে সত্যিই আনন্দিত এবং সে সাথে আমাদের পুরো গ্রামবাসীও আনন্দিত। আমার ইউনিয়নের সন্তান হিসাবে তাকে নিয়ে গর্ববোধ করি। তার সর্বাঙ্গীণ সুস্থতা ও মঙ্গল কামনা করি। সে যেন সামনের দিকে নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সে দোয়া করি।

টানা এক বছর প্রশিক্ষণ নিয়ে পাকা চালক হিসেবে নিজেকে তৈরির কথা জানিয়েছেন তিনি। মেট্রোরেলের চালক হতে পেরে উচ্ছ্বসিত মরিয়ম আফিজা আবারও বলেন, ২০২১ সালের ২ নভেম্বরে আমি নিয়োগ পাই। এর আগে চালক হিসেবে কোথাও কাজ করিনি। নিয়োগ পাওয়ার পর থেকে আমি কয়েকটি ট্রেনিং করেছি এখনো ট্রেনিংয়ের মধ্যেই আছি।

এদিকে নিয়োগের পর মরিয়ম আফিজা চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ রেলওয়ের ট্রেনিং অ্যাকাডেমি থেকে ট্রেন চালনায় দুই মাসের প্রশিক্ষণ নিয়েছেন। ঢাকায় ফিরে আরও চার মাস প্রশিক্ষণ নেন আফিজা।