
পিরোজপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের ৪১৮টি ভোটকেন্দ্রে দু–একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।
সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুপুরের পর পুরুষ ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে। দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তারা জানান, কোথাও কোনো যান্ত্রিক ত্রুটি ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
পিরোজপুর-১ আসনের কয়েকজন প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, অনেক কেন্দ্রে ৬০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে।
ভুয়া পর্যবেক্ষক আটক
ভোট চলাকালে বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর-2 আসনের ভান্ডারিয়া উপজেলার ২২ নম্বর দক্ষিণ হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সাইফুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে ভুয়া পর্যবেক্ষক হিসেবে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
পরে তাকে নির্বাচন দায়িত্বপ্রাপ্ত প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট আইনের ৭৩(২)(খ) ধারায় দোষী সাব্যস্ত করেন। আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আটক ব্যক্তি উপজেলার হেতালিয়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নির্বাচনের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে জেলায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। জেলা প্রশাসনের তথ্যমতে, তিনটি আসনে দায়িত্ব পালন করেন প্রায় ৮০০ সেনাসদস্য, ১ হাজার ৬০০ পুলিশ সদস্য, ৬৫টি র্যাব পেট্রোল টিম, ৪৩৬ জন বিজিবি সদস্য, ৫ হাজার ৪৩৪ জন আনসার সদস্যসহ নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। এছাড়া ৩৬টি মোবাইল পেট্রোল টিম সার্বক্ষণিক টহলে ছিল।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুরের তিনটি আসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। তিনি আশা প্রকাশ করে বলেন, পিরোজপুরবাসীকে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছেন তারা।
ভোটার ও কেন্দ্রসংখ্যা
পিরোজপুরের সাতটি উপজেলার তিনটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৪২ হাজার ৮২৭ জন। এর মধ্যে ৫ লাখ ২৫ হাজার ৬৩ জন পুরুষ এবং ৫ লাখ ১৭ হাজার ৭৬৩ জন নারী ভোটার। মোট ৪১৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তিনটি আসনে স্বতন্ত্রসহ মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
