পহেলা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদারে ডিএমপির সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বাংলা নববর্ষ ১৪৩৩ ও পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীতে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে সমন্বয় সভা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার সকালে ডিএমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

সভায় ভারপ্রাপ্ত কমিশনার বলেন, প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা মহানগরীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা অনুষ্ঠান হবে। এবার বিগত বছরের তুলনায় জনসমাগম আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে বলে তিনি জানান। একই সঙ্গে একটি সুপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।

সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরাও অংশ নেন।