
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় বিমান কর্মকর্তা ইসমাইল হোসেন বাবুলের বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় আদালত সংরক্ষিত নারী ইউপি সদস্যের ছেলেকে কারাগারে পাঠিয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে আসামি মো. শাহাদাত হোসেন (৩৬) জামিনের আবেদন করলে বিচারক আফসানা ইসলাম রুমি তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। শাহাদাত হোসেন চরমটুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নুরুল হক মিস্ত্রির ছেলে এবং ওই ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য নুরবানু আলেয়ার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৬ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে মনারখিল গ্রামে এ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতির সময় বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করা হয়। ঘটনার পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে। এই মামলায় মোট ১৪ জন চার্জশীটভুক্ত।
বাদীর আইনজীবী জানান, শাহাদাত হোসেনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও নারী নির্যাতনের আরও মামলা রয়েছে এবং সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
