
নিজস্ব প্রতিবেদক : প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। কক্সবাজার, বগুড়া, ঠাকুরগাঁও ও লক্ষ্মীপুর জেলায় নতুন পাঁচটি উপজেলা গঠন এবং বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব উঠেছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায়। প্রস্তাবগুলো অনুমোদিত হলে দেশে উপজেলার সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫০০-তে।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত নিকার ১২০তম সভায় এসব প্রস্তাব উপস্থাপন করা হয়। স্থানীয় সরকার বিভাগের সূত্রগুলো বলছে, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া উপজেলা ভেঙে ‘মাতামুহুরী’ নামে নতুন উপজেলা গঠনের পরিকল্পনা করা হয়েছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে ‘মোকামতলা’, ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিনের স্থানীয় জনদাবি, জনসংখ্যা বৃদ্ধি এবং প্রশাসনিক সেবা সহজ করার প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই নতুন উপজেলা গঠনের বিষয়টি সামনে এসেছে। তাঁদের মতে, নতুন উপজেলা হলে সাধারণ মানুষের প্রশাসনিক সেবা পেতে দূরত্ব ও সময় দুটোই কমবে।
নিকার সভার গুরুত্বপূর্ণ আলোচ্যসূচির মধ্যে ছিল বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার বিষয়টিও। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা বলছেন, জনসংখ্যা, আয়তন, রাজস্ব আয় এবং অবকাঠামোগত সক্ষমতার দিক থেকে বগুড়া এখন সিটি করপোরেশন হওয়ার উপযুক্ত পর্যায়ে পৌঁছেছে। অনুমোদন মিললে এটি হবে দেশের ১৩তম সিটি করপোরেশন।
স্থানীয় সরকার বিভাগের একাধিক কর্মকর্তা জানান, নিকার সভায় অনুমোদনের পর নতুন উপজেলা ও সিটি করপোরেশন বাস্তবায়নের জন্য প্রশাসনিক কাঠামো গঠন, অবকাঠামো নির্মাণ এবং জনবল নিয়োগের কার্যক্রম শুরু করা হবে।
নীতিনির্ধারকদের মতে, নতুন প্রশাসনিক ইউনিট গঠনের ফলে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের গতি বাড়বে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে সেবার মান উন্নত হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে।
