
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের দালাল বাজার-এ মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। সোমবার দুপুরে দালাল দ বাজারে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন প্রশাসনের কর্মকর্তারা।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রমজান মাসজুড়ে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।
এ সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মজুতদারি ও ভেজাল পণ্য বিক্রির অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়। মূল্যতালিকা প্রদর্শন না করায় কয়েকটি দোকানকে তাৎক্ষণিকভাবে তালিকা টানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, “রমজানকে কেন্দ্র করে কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে জন্য আমরা নিয়মিত বাজার তদারকি করছি। ক্রেতাদের স্বস্তি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। পুরো রমজানজুড়ে এ অভিযান অব্যাহত থাকবে।”
বাজারে কেনাকাটা করতে আসা কয়েকজন ক্রেতা জানান, প্রশাসনের উপস্থিতি থাকলে ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াতে পারেন না। এতে সাধারণ মানুষের কিছুটা হলেও স্বস্তি আসে। তবে তারা নিয়মিত নজরদারির দাবি জানান।
অন্যদিকে ব্যবসায়ীদের একটি অংশ বলছেন, পাইকারি বাজারে দাম বাড়লে খুচরা পর্যায়ে তার প্রভাব পড়ে। তবুও প্রশাসনের নির্দেশনা মেনে নির্ধারিত দামে পণ্য বিক্রির আশ্বাস দেন তারা।
জেলা প্রশাসন জানিয়েছে, রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভোক্তাদের কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট দপ্তরে জানানোর আহ্বান জানানো হয়েছে।
