
লক্ষ্মীপুর সদর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন মেঠির (৬৫) ওপর হামলার অভিযোগ উঠেছে। তিনি অভিযোগ করেছেন, পাশের তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি নুর নবী এ হামলা চালিয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে বুধবার (২২ অক্টোবর) বিকেলে ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের ভাবলাতলা এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন স্থানীয়রা। তারা হামলার বিচার দাবি করে অভিযোগ করেন, নুর নবী এলাকায় দলীয় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে হয়রানি করছেন।
সংবাদ সম্মেলনে নুরুল আমিন বলেন, “গত ১১ অক্টোবর হিরামন বাজার এলাকায় এক আত্মীয়ের জমি পরিমাপ করতে গেলে নুর নবীও সেখানে ছিলেন। পরদিন সকালে তিনি ভাবলাতলায় এসে কোনো কারণ ছাড়াই আমার ওপর হামলা চালান।”
তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এলাকার মানুষ আমাকে সম্মান করে। কিন্তু কোনো কারণ ছাড়াই তিনি আমাকে মারধর করেছেন। আমি এর বিচার চাই।”
নুরুল আমিনের ছেলে কবির হোসেন বলেন, তার বাবার ওপর অতর্কিত হামলা হয়েছে এবং তারা ন্যায়বিচার প্রত্যাশা করছেন।
স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন ফটিক অভিযোগ করে বলেন, “নুর নবী আমার দোকানের দ্বিতীয় তলার কাজ বন্ধ করে চার লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। না দেওয়ায় আমাকে নানা ভাবে হয়রানি করছেন।”
তবে অভিযুক্ত নুর নবী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “নুরুল আমিনের কারণে একটি জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছিল। আমি শুধু বিষয়টি নিয়ে কথা বলেছিলাম, কোনো মারধর করিনি। তিনি উল্টো আমাকে গালমন্দ ও মামলা দেওয়ার হুমকি দেন।”
তিনি আরও দাবি করেন, তেওয়ারীগঞ্জ বাজারের ভবনসংক্রান্ত বিরোধে তার ভাই ও ব্যবসায়ী ফটিকের মধ্যে আদালতে মামলা রয়েছে।
“চাঁদাবাজির অভিযোগটি সত্য নয়, এটা আমার বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার,” — বলেন নুর নবী।
সংবাদ সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি নেতাকর্মীরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
