
বাণিজ্য ডেস্ক : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম শুক্রবার কিছুটা কমেছে। তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং সরবরাহ শৃঙ্খলার নানা সমীকরণের মাঝেও মাসজুড়ে উভয় বেঞ্চমার্ক তেলের দাম প্রায় ২০ শতাংশ বৃদ্ধির পথে রয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা কূটনৈতিক আলোচনায় বড় ধরনের কোনো অগ্রগতি না হলেও গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো দিয়ে তেলের সরবরাহ কিছুটা বৃদ্ধি পাওয়ায় সাময়িকভাবে বাজারের ওপর চাপ কিছুটা কমেছে।
শুক্রবার গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ২টা ১৫ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮ ডলারে নেমে আসে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৫০ সেন্ট বা ১ দশমিক ৮ শতাংশ কমে ৮২ দশমিক ০৯ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিসহ অন্যান্য রুট দিয়ে তেলের চলাচল কিছুটা স্বাভাবিক হওয়ায় দৈনিক ভিত্তিতে দাম সামান্য কমলেও, সামগ্রিক মাসিক হিসাবে এই উল্লম্ফন বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে।
