তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘরে আগুন, পুড়িয়ে ছাই

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ দিন আগে

গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় একদল যুবক এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল বুধবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামের বাবুলের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবুল ও তাঁর বোন সুমির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। স্থানীয়রা একাধিকবার তাঁদের সতর্ক করলেও মাদক ব্যবসা বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জাহেদ বলেন, বুধবার রাতে ফুটবল ম্যাচ চলাকালে কৃষ্ণরামপুর গ্রামের একদল যুবক রাস্তায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় ডিবি পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের লাঠিচার্জ করে। এরপর ওই যুবকেরা দলবদ্ধ হয়ে বাবুলের বাড়িতে গিয়ে হামলা চালান। তাঁদের অভিযোগ ছিল, বাবুলের মাদক ব্যবসার কারণেই পুলিশ এলাকায় অভিযান চালায় এবং এর জেরে সাধারণ মানুষকে নানাভাবে নাজেহাল হতে হয়। একপর্যায়ে ক্ষুব্ধ যুবকেরা বাবুলের বসতঘরে আগুন ধরিয়ে দেন।

অভিযোগের বিষয়ে জানতে বাবুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জুয়েল বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত তারা কোনো অভিযোগ দেয়নি। স্থানীয় লোকজনের ভাষ্যমতে, মাদকের কারবার নিয়ে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ওই বসতঘরে আগুন দিয়েছে।