
তালা (সাতক্ষীরা) | নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালায় কালভার্টের নিচে পানিতে ডুবে রুমানা খাতুন (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার ঢ্যামসাখোলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রুমানা ওই গ্রামের শাহিনুর রহমান মোড়লের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে রুমানা তার মা রেশমা বেগমের সঙ্গে বাড়ির পাশের মাঠে যায়। মা রেশমা বেগম ছাগল বাঁধার জন্য রুমানাকে একটি কালভার্টের ওপর বসিয়ে রেখে কিছুটা দূরে যান। কিন্তু কিছু সময় পর ফিরে এসে মেয়েকে সেখানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কালভার্টের নিচে পানির ওপর রুমানার নিথর দেহ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা।
দ্রুত তাকে উদ্ধার করা হলেও শিশুটি ততক্ষণে মারা যায়। মুহূর্তের অসতর্কতায় শিশুটির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
