ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় একজন শিক্ষার্থীসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) ভোর আনুমানিক ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ শিক্ষাবর্ষের এফ রহমান হলের শিক্ষার্থী ফারহান তানভীর নাসিফ এবং একটি মাইক্রোবাসের চালক রুবেল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়। তারা সেখানে স্বল্প সময়ের জন্য মিছিল করে এবং ব্যানার প্রদর্শন করে। কর্মসূচি শেষ করেই দ্রুত একটি কালো মাইক্রোবাসে করে স্থান ত্যাগ করে তারা।

এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাস থেকে দুইজনকে আটক করে পুলিশ। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, “রাজু ভাস্কর্য এলাকায় ঝটিকা মিছিলের সময় দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”