
নিজস্ব প্রতিবেদক, রংপুর | রংপুর বিভাগে জুয়েলারি ব্যবসায়ীদের নিয়ে এক বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরীর জিএল রায় রোডের ‘আগামীর চাষী রংপুর লিমিটেড’ মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) আয়োজিত এ সভায় নতুন কর ও ভ্যাট ব্যবস্থাপনা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাজুসের প্রেসিডেন্ট এনামুল হক খান বলেন, সরকারের সহযোগিতা এবং বাজুসের ধারাবাহিক প্রচেষ্টায় জুয়েলারি শিল্পে নতুন যুগের সূচনা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ওজনভিত্তিক নির্দিষ্ট (ফিক্সড) ভ্যাট ব্যবস্থা চালু, ১ শতাংশ টার্নওভার ট্যাক্স প্রত্যাহার এবং উৎসে আয়কর ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার ফলে এই খাত আরও ব্যবসাবান্ধব হয়েছে। তিনি বলেন, “সরকারের দেওয়া এসব সুযোগ কাজে লাগিয়ে দেশের জুয়েলারি শিল্পকে আন্তর্জাতিক মানের একটি আনুষ্ঠানিক শিল্পে পরিণত করতে হবে।”
ব্যবসায়ীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বাজুস প্রেসিডেন্ট বলেন, যথাযথ কর ও ভ্যাট পরিশোধ, বৈধ স্টক সংরক্ষণ এবং নথিপত্র গুছিয়ে রাখতে হবে। তিনি জুয়েলারি খাতকে দেশের অর্থনীতির বড় চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় রংপুর বিভাগের আট জেলার বাজুস শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় জুয়েলারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই রংপুর জেলা বাজুসের সভাপতি মো. এনামুল হক সোহেল এবং সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম রাজুসহ বিভাগীয় অন্যান্য জেলার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ব্যবসায়ীরা নতুন কর-ভ্যাট কাঠামো বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, বাজুসের এমন দিকনির্দেশনা জুয়েলারি ব্যবসাকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তুলবে। সরকারের সঙ্গে সমন্বয় রেখে এই শিল্পকে আধুনিকায়নের প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়, নতুন কর ও ভ্যাট পরিপালন সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ গাইডলাইন চূড়ান্ত করা হয়েছে। অনুমোদনের পর তা দেশের সকল সদস্য প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দেওয়া হবে।
