জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের ১০৩ দফা ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: Farzana Akter Bristy
প্রকাশ: ৬ মাস আগে

এস আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল ১০৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শুক্রবার দুপুরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি ঘাটে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি এই ইশতেহার তুলে ধরেন।

ইশতেহার ঘোষণার সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে কৃষক, শিক্ষার্থী, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, শ্রমিক, আলেম-ওলামা এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা ছিলেন।

ইশতেহারে নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জকে তথ্যপ্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর জেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। দারিদ্র্য বিমোচন, যুবক ও নারীদের জন্য কারিগরি প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, সুদমুক্ত কৃষিঋণ প্রদান, শিল্পকারখানা ও ইপিজেড স্থাপন এবং শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার অঙ্গীকার করা হয়।

এ ছাড়া নিরাপদ ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ, আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থা চালু এবং শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও সংস্কৃতি খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। এসব মিলিয়ে মোট ১০৩ দফা উন্নয়ন পরিকল্পনার কথা জানান তিনি।