
নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জের পরিচিত মুখ, সাংবাদিক মো. আল-আমিন দেওয়ান আল আবেদীর ৪৯তম জন্মদিন পালিত হয়েছে। দিনভর স্থানীয় সাংবাদিক, রাজনীতিক, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।
উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭৮ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন আল-আমিন দেওয়ান। ১৯৯৩ সালে সাপ্তাহিক যুব কণ্ঠ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় তাঁর পথচলা শুরু। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক দিনকালসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক দিনকাল-এর উপজেলা প্রতিনিধি ও দৈনিক গণমুখ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। এ ছাড়া তিনি গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক আহ্বায়ক ও কালীগঞ্জ প্রেসক্লাবের একাধিকবারের নির্বাচিত সাধারণ সম্পাদক।
জন্মদিন উপলক্ষে দিনব্যাপী মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত সাংবাদিক আল-আমিন দেওয়ান বলেন, ‘মানুষের এই ভালোবাসা আমার পরম পাওয়া। জন্মদিন মানেই প্রিয়জনদের সান্নিধ্য ও আন্তরিকতা। আমি আমার জীবনের সকল অর্জন ও আজকের এই ভালোবাসা আমার বাবা-মায়ের প্রতি উৎসর্গ করলাম।’ তিনি উপস্থিত সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সাংবাদিকতার মানদণ্ড বজায় রাখতে ও সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মো. মুক্তাদির হোসেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলমগীর মোল্লা, কালীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা সাংবাদিক আল-আমিন দেওয়ানের দীর্ঘায়ু ও সমৃদ্ধ পথচলা কামনা করেন।
