চাটখিলে বিশেষ অভিযানে ২৮৭ লিটার অকটেন জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী (চাটখিল) : নোয়াখালীর চাটখিল উপজেলায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অকটেন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় অবৈধ মজুতদারির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার ভোরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা বাজারের ‘রহিম ট্রেডার্স’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ২৮৭ লিটার অকটেন জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—পাল্লা গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে মো. আবদুল্লাহ (৫৫) এবং এনায়েত উল্লাহর ছেলে মো. নাসির উদ্দিন (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে চাটখিল থানা পুলিশের একটি বিশেষ দল পাল্লা বাজারে অভিযান চালায়। এ সময় দোকানটিতে অবৈধভাবে মজুত রাখা অকটেন উদ্ধার করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকেই দুজনকে আটক করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মুন্নাফ বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।