চাটখিলে টিউবওয়েলের পানিতে গ্যাস, আগুন জ্বলার ঘটনায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর চাটখিল উপজেলায় নতুন স্থাপিত একটি টিউবওয়েলের পানির সঙ্গে গ্যাস বের হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। টিউবওয়েলের মুখে দিয়াশলাই ধরতেই আগুন জ্বলে ওঠার ঘটনাটি স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আতঙ্ক—দুই-ই ছড়িয়ে দিয়েছে।

উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন জানান, গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য প্রায় এক মাস আগে তিনি বাড়ির পাশে ৬০ ফুট গভীর একটি টিউবওয়েল স্থাপন করেন। স্থাপনের পর থেকেই পানি থেকে তীব্র গন্ধ আসছিল এবং পানি বের হওয়ার সময় বুদবুদ তৈরি হচ্ছিল।

তিনি বলেন, “প্রথমে বিষয়টি গুরুত্ব দিইনি। পরে গ্যাসের মতো গন্ধ পেয়ে সন্দেহ হয়। একপর্যায়ে দিয়াশলাই জ্বালিয়ে পরীক্ষা করলে টিউবওয়েলের মুখে আগুন জ্বলে ওঠে। এরপর থেকেই আমরা আতঙ্কে আছি।”

ঘটনাটি জানাজানি হলে আশপাশের এলাকা থেকে অনেকেই এসে ভিড় করেন। অনেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এ বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভে জমে থাকা গ্যাস বা জৈব পদার্থের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে সঠিক কারণ জানতে পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণ জরুরি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত পরীক্ষা করে ঝুঁকি নিরূপণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।