চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বিজিবির বিশেষ অভিযানে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

শনিবার (৩ মে ২০২৬) ভোর ৪টার দিকে ৫৩ বিজিবির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রামে টহল চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় এক চোরাকারবারী বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি বস্তার ভেতর থেকে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের বাজারমূল্য প্রায় ৪১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

পরে জব্দ করা মদ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। পাশাপাশি জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান রোধে সীমান্ত ও নদীপথে বিশেষ টহল ও চেকপোস্ট কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।