
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শেষ দিনে জামায়াত ও বিএনপির হেভিওয়েট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল প্রথমে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। পরে একই কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ তাঁর মনোনয়নপত্র জমা দেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মাওলানা মো. কেরামত আলী শিবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থীরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁরা আসন্ন নির্বাচনে সকল প্রার্থী, কর্মী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন। এর মধ্যে নারী ভোটার ৭ লাখ ৮ হাজার ৮৭০ জন এবং পুরুষ ভোটার ৭ লাখ ২০ হাজার ৭৮৯ জন। তিনটি আসনে মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
