চাঁদপুরের হানারচরে উন্নয়নের প্রতিশ্রুতি দাঁড়িপাল্লার প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ মাস আগে

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট–সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে অ্যাডভোকেট শাহজাহান মিয়া স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। উঠান বৈঠকে বক্তব্যে তিনি বলেন, তিনি হানারচর ইউনিয়নের সন্তান এবং এলাকার মানুষের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবগত।

শাহজাহান মিয়া বলেন, ‘আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করব।’ তিনি আরও বলেন, তাঁর রাজনীতির লক্ষ্য ক্ষমতা নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা। নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক একটি ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকারও করেন তিনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুস শুক্কুর মোস্তান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তামিম খানসহ জামায়াতে ইসলামী ও জোটভুক্ত বিভিন্ন পর্যায়ের নেতারা।

গণসংযোগ ও উঠান বৈঠকে হানারচর ইউনিয়নসহ আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকদের ভাষ্য, এসব কর্মসূচির মাধ্যমে এলাকায় নির্বাচনী আগ্রহ ও আলোচনা বেড়েছে।