
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব লায়ন মো. আরিফ উল্ল্যাহ সরকার দায়িত্বভার গ্রহণ করেছেন।
শনিবার (১২ আগস্ট) বেলা ১১টায় ছেংগারচর পৌরসভা প্রাঙ্গণে পৌরসভা আয়োজিত এক আড়ম্বর অনুষ্ঠানে এ দায়িত্বভার বুঝে নেন তিনি।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম, বিশেষ অতিথি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি।
মতলব উত্তর ছেংগারচর পৌরসভার প্রশাসক ও ইউএনও ( ভারপ্রাপ্ত) আল ইমরান খানের সভাপতিত্বে পৌর সভার সহায়ক মো. রেফায়েত উল্ল্যাহ দর্জির পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মেয়র আলহাজ্ব লায়ন মো. আরিফ উল্ল্যাহ সরকার।
মেয়র আলহাজ্ব লায়ন মো. আরিফ উল্ল্যাহ সরকার তাঁর বক্তব্যে নির্বাচনী ওয়াদা পালনে সবার সহযোগিতা কামনা করেন। এ ছাড়া তাঁকে মেয়র হিসেবে নির্বাচিত করায় ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আদর্শ-আধুনিক পৌর শহর হিসেবে গড়ে তোলার জন্য সকলের দোয়া চেয়েছেন। এ সময় ছেংগারচর সুশিল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ্য, গত ১৭ জুলাই ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব লায়ন মো. আরিফ উল্ল্যাহ সরকার মেয়র নির্বাচিত হন।
