চাঁদপুরের কচুয়া আসনের আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন তিন নেতা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছেন।

শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম কিনে এ কার্যক্রম উদ্বোধন করেন। দুপুরে কেন্দ্রীয় কার্যালয় হতে কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন কচুয়া আসনে তিন হাইপ্রোফাইল নেতা- বর্তমান এমপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কচুয়া আসনে আওয়ামী লীগের যৌথ মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব মো. গোলাম হোসেন। এই আসনে ২০০৮ সাল থেকে ড. মহীউদ্দীন খান আলমগীর টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কচুয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে ১ শত ৯ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ২৫ হাজার ৭ শত ৬৯জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬৯ হাজার ৩ শত ৩১ জন , মহিলা ভোটার ১ লক্ষ ৫৬ হাজার ৪ শত ২৭ জন।

দলীয় সূত্রে জানা যায়, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ এবং জমা দেওয়া যাবে। এবার ৫০ হাজার টাকা দিয়ে অনলাইন বা সরাসরি মনোনয়ন পত্রের সংগ্রহ করা যাবে ।