
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর জেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মাছঘাট এলাকা থেকে ৩৫০ কেজি (৮ দশমিক ৭৫ মণ) জাটকা জব্দ করা হয়েছে।
মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, রোববার ভোর ৫টা থেকে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মাছঘাট এলাকা থেকে ৩৫০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে জাটকার মালিক কেউ দাবী না করায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, বিকেলে জব্দকৃত জাটকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে বিভিন্ন মাদ্রাসা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
মির্জা ওমর ফারুক বলেন, মৎস্য সম্পদ রক্ষায় বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে। চার ধাপে এই অভিযান আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।
