চাঁদপুরে মা ইলিশ রক্ষায় অভিযানে ৬০ লাখ মিটার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫-এর অংশ হিসেবে চাঁদপুরে নৌ পুলিশের ৭ম দিনের অভিযানে প্রায় ৬০ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) পরিচালিত এ অভিযানে আরও উদ্ধার করা হয়েছে ৩৬৩ কেজি ইলিশ মাছ। জব্দ করা হয়েছে তিনটি নৌকা এবং গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে মোট তিনটি মামলা রুজু করা হয়েছে, যা সবই মৎস্য সংরক্ষণ আইনে করা হয়েছে।

এ ছাড়া অভিযুক্তদের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

নৌ পুলিশ জানিয়েছে, মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও জলজ সম্পদ রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে তারা।

প্রসঙ্গত, প্রতিবছর ইলিশের প্রজনন মৌসুমে সরকারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত মা ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রয় নিষিদ্ধ থাকে। এ সময় সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে থাকে।