
চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরে অভিযান চালিয়ে একটি অবৈধ পলিথিন উৎপাদন কারখানা সিলগালা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানা থেকে ১ হাজার ৭৭৪ কেজি পলিথিন ও পলি প্রোপিলিন (পিপি) দানা জব্দ করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন স্বর্ণখোলা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, শহরের হরিজন সম্প্রদায়ের আবাসনের পাশের একটি টিনশেড গুদাম ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে পলিথিন উৎপাদন করা হচ্ছিল। উৎপাদিত এসব পলিথিন চাঁদপুরসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো।
অভিযানকালে কারখানার ভেতর বিপুল পরিমাণ প্রস্তুত পলিথিন ও কাঁচামাল পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাটি সিলগালা করা হয়।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে একটি বড় শেডে অবৈধভাবে পলিথিন উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এরপর প্রস্তুত পণ্য ও কাঁচামাল জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ অধিদপ্তর জানায়, নিষিদ্ধ পলিথিনের উৎপাদন ও ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
