চাঁদপুর থেকে সংরক্ষিত নারী আসনে প্রার্থী অ্যাডভোকেট মনিরা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

চাঁদপুর প্রতিনিধি : আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর থেকে সংরক্ষিত নারী আসনে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট মনিরা চৌধুরী। প্রার্থী হওয়ার পর তিনি দলীয় নেতাকর্মীসহ জেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

অ্যাডভোকেট মনিরা চৌধুরী চাঁদপুর জেলা আইনজীবী সমিতির একজন অভিজ্ঞ প্যানেল আইনজীবী হিসেবে সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি আইন পেশায় নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করে আসছেন। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনে তিনি তৃণমূল পর্যায় থেকে উঠে আসা একজন অভিজ্ঞ ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। তিনি চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার এবং চাঁদপুর সদর উপজেলা পরিষদের দুইবারের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয়দের মতে, তার নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের দুঃসময়ে তিনি সক্রিয় ভূমিকা রেখে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছেন বলে নেতাকর্মীরা জানান। তার ত্যাগ ও সাহসী ভূমিকা তাকে দলীয় অঙ্গনে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

প্রার্থী হওয়ার প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মনিরা চৌধুরী বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। আমি চাঁদপুরবাসীর দোয়া ও সমর্থন কামনা করছি, যেন তাদের প্রত্যাশা পূরণ করতে পারি।”

এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে চাঁদপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রার্থীর পক্ষে গণসংযোগ ও প্রচারণা জোরদারের প্রস্তুতিও চলছে বলে জানা গেছে।