গাবুরায় বৃষ্টির পানি সংরক্ষণে ৭৭টি পানির ট্যাংক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর (সাতক্ষীরা) : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে সুপেয় পানির সংকট মোকাবিলায় ৭৭টি ১ হাজার লিটারের পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‘ফেইথ ইন অ্যাকশন’ এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের ৭৭ জন নারী ও পুরুষকে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম। তিনি বলেন, গাবুরা এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। বৃষ্টির পানি সংরক্ষণই এখানে পানির ঘাটতি মেটানোর অন্যতম কার্যকর উপায়। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের জন্য অত্যন্ত সহায়ক।

তিনি আরও বলেন, পানির ট্যাংক বিতরণের মাধ্যমে অন্তত তিন থেকে চার মাসের পানির সংকট কিছুটা হলেও নিরসন করা সম্ভব হয়। ভবিষ্যতে আরও বেশি ট্যাংক বিতরণের জন্য সংশ্লিষ্ট সংস্থার প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাবিবুল্লাহ, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস এবং অন্যান্য কমিউনিটি ফ্যাসিলিটেটররা।

উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম বলেন, গাবুরা এলাকায় লবণাক্ততার কারণে সুপেয় পানির সংকট অত্যন্ত প্রকট। নারীরা প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পানি পাচ্ছেন না। এ অবস্থায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি পানির ট্যাংক বিতরণ উদ্যোগকে স্বাগত জানান।

তিনি আরও বলেন, ট্যাংক গ্রহণকারীদের সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে দীর্ঘমেয়াদে এর সুফল পাওয়া যায়।

স্থানীয়রা জানান, উপকূলীয় এই এলাকায় বৃষ্টির পানি সংরক্ষণই এখন পানির প্রধান উৎস। ট্যাংক বিতরণের ফলে অন্তত মৌসুমভিত্তিক পানির সংকট কিছুটা কমবে বলে আশা করছেন তারা।