
মোঃ আলমগীর মোল্লা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গাজীপুর-৫ (কালীগঞ্জ–পূবাইল–বাড়িয়া) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এই আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করলেও শেষ পর্যন্ত ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৭ জন প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং ১ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন ধানের শীষ প্রতীকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ, খায়রুল আহসান মিন্টু এবং কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান।
এরপর ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আল আমিন দেওয়ান (চেয়ার), গণফোরাম মনোনীত প্রার্থী মোঃ কাজল ভুইয়া (উদীয়মান সূর্য), জনতার দল মনোনীত প্রার্থী আজম খান (কলম), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান (হাতপাখা), বাংলাদেশ খিলাফত মজলিস মনোনীত প্রার্থী রুহুল আমিন কাসেমী (রিকশা) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ খায়রুল হাসান (দাঁড়িপাল্লা) নিজ নিজ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
বিকেলে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ডা. শফিউদ্দিন সরকার (লাঙ্গল) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
অপরদিকে গণফোরাম মনোনীত আরেক প্রার্থী মোঃ সোহেল মিয়া (উদীয়মান সূর্য) বিকেল ৫টা পর্যন্ত তাঁর মনোনয়নপত্র জমা দেননি।
