খুলনায় জুলাই শহিদ দিবস পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ: ১৬ জুলাই শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ দিন আগে

খুলনা | নিজস্ব প্রতিবেদক : জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে খুলনায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ জুলাই বুধবার দিবসটি পালনে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সকাল নয়টায় খুলনা শিববাড়ি মোড়ে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত হবে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

কর্মসূচির অংশ হিসেবে নগরীর সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এ ছাড়া জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদাভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, শহিদ সাকিব রায়হানের বাবা-মা, জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় বক্তারা শহিদদের আত্মত্যাগ স্মরণ করে দিবসটি অত্যন্ত ভাবগাম্ভীর্য ও মর্যাদাপূর্ণভাবে উদযাপনের ওপর জোর দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল স্তরের নাগরিক ও ছাত্রসমাজকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।