কুমিল্লায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও চান্দিনা উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) ঝড়-বৃষ্টির মধ্যে দিনের বিভিন্ন সময়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী গ্রামের তোতা মিয়ার ছেলে সামসু মিয়া (৪৫) এবং চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের পূর্ব মাইজখার গ্রামের আমির হোসেনের স্ত্রী নাজমা আক্তার (৪৫)।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, বিকেলে বাড়ির পাশের জমি থেকে ফেরার পথে বজ্রপাতে নাজমা আক্তারের মৃত্যু হয়। তাঁর পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

অন্যদিকে ব্রাহ্মণপাড়া উপজেলার সামসু মিয়ার স্বজন প্রভাষক দুলাল হোসেন জানান, বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ ধরার সময় বজ্রপাতে গুরুতর আহত হন সামসু মিয়া। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার আনন্দপুর এলাকায় জানাজা শেষে সামসু মিয়াকে দাফন করা হয়েছে।

এদিকে, সাম্প্রতিক ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।