কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস)। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন শ্রমিক সংগঠন ও পেশাজীবীদের অংশগ্রহণে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার ভিত্তি গড়ে ওঠে। তবে এখনো দেশের অনেক শ্রমিক ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত রয়েছেন।

তারা আরও বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অপরিসীম। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যূনতম মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সরকার ও সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা নেওয়া প্রয়োজন।

আলোচনা সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ পেশাজীবী ও বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।