
ইমরান হোসেন ইমুল, ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক ছাত্রনেতা আলহাজ রিয়াজ উদ্দিন আহমেদ মনি। তিনি বিএনপির প্রয়াত নেতা ও সাবেক সংসদ সদস্য শহীদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর সহোদর।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ৩টার দিকে কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ এলাকা থেকে শুরু করে থানার বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন।
এ সময় কামরাঙ্গীরচর থানা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রিয়াজ উদ্দিন আহমেদ মনি বলেন, ‘আমার বড় ভাই শহীদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু কামরাঙ্গীরচরে হাসপাতাল, গ্যাস–বিদ্যুৎ সংযোগ ও সড়ক উন্নয়নসহ এলাকার ব্যাপক কাজ করেছেন। তাঁর সময় এলাকায় চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও মাদক ছিল না।’তিনি আরও বলেন, ‘কামরাঙ্গীরচরের মানুষ এখন উন্নয়ন ও নিরাপত্তার স্বাদ পাচ্ছে। আগামী দিনেও আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’
