
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।
এরপর শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসন, কমলনগর থানা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এতে অংশ নেয়।
পরে উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামানের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসাইন, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মো. শামসুল আলম, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল আলম, মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুল হুদা চৌধুরী, জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল খায়ের, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সম্পাদক মো. ফয়েজ এবং দৈনিক ইনকিলাবের সাংবাদিক ও প্রেসক্লাব উপদেষ্টা কাজী মুহাম্মদ ইউনুছসহ অন্যরা।
এ ছাড়া দিবসটি উপলক্ষে দুপুরে উপজেলার বিভিন্ন মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বিকেলে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্থানীয় উৎপাদিত শিল্পপণ্যের বিজয় মেলার আয়োজন করা হয়।
