কমলনগর কৃষি জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, ভূমি কমিশনার বলছে ইউএনওকে জানান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ সপ্তাহ আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে প্রকাশ্যে কৃষি জমি থেকে বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজার দিয়ে মাটি কাটার ফলে ফসলি জমি নষ্ট হয়েছে। স্থানীয় প্রভাবশালীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনের আলোতেই এই কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, করইতলা বাজারের উত্তর পাশে করইতলা গুদাম সংলগ্ন কৃষি জমিতে শক্তিশালী ড্রেজার বসানো হয়েছে।

সেখান থেকে পাইপের মাধ্যমে বালু ও মাটি উত্তোলন করে ভরাট করা হচ্ছে নিচু জমি।

অনুসন্ধানে জানা যায়, ড্রেজারের মালিক মোশাররফ। আর এই বালু উত্তোলনের মাঠপর্যায়ের দায়িত্বে রয়েছেন জসিম মিয়া।

স্থানীয় বাসিন্দারা জানান, এভাবে অবাধে মাটি কাটার ফলে আশপাশের কৃষিজমিগুলো অসমতল হয়ে যাচ্ছে।

এ বিষয় কমলনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হুসাইন বলেন, ‘বিষয়টি আপনারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ও কৃষি কর্মকর্তাকে জানান।’

অবৈধভাবে কৃষি জমি ধ্বংস করে বালু উত্তোলনের বিষয়ে স্থানীয়রা দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।