কক্সবাজার শহরে দালালসহ ৩৪ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার :

কক্সবাজারে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে ৩৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় মো. জোবায়ের ও মো. জয়নাল দুই দালালকেও আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দালাল চক্র প্রথমে চট্টগ্রামে এবং পরে ভারতসহ বিভিন্ন দেশে পাচারের উদ্দেশে তাদের ক্যাম্প থেকে বের করেছিল। আটক রোহিঙ্গাদের মধ্যে ১০ নারী, আট জন পুরুষ ও ১৬ শিশু রয়েছে।

আরেক দালাল সাতকানিয়া উপজেলার কেরাণীহাট সদাহা এলাকার দিল মোহাম্মদের ছেলে ফয়সাল (২৫) পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকালে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাকিল আহমেদ আটকের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আটক দালালের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা প্রক্রিয়াধীন।”

“রোববার রাতে তথ্য পাওয়া যায়, কক্সবাজার বাস টার্মিনালের শ্যামলী পরিবহনের কাউন্টারের সামনে পাচারের উদ্দেশ্যে এক দল রোহিঙ্গাদের জড়ো করা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে,” বলেন শাকিল আহমেদ।

পাচারের পথে কক্সবাজারে শরণার্থী শিবির থেকে আটক দালাল মো. জয়নাল।