ওয়াজ মাহফিল চলাকালে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার বাহ্মণপাড়ার গঙ্গামন্ডল এলাকায় ওয়াজ মাহফিল চলার সময় ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেন দুর্বৃত্তরা।

গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার গঙ্গামণ্ডল এলাকায় আয়োজিত ওয়াজ মাহফিলের পাশে এমন ঘটনা ঘটে। 

মুফতি গিয়াস উদ্দিন তাহেরী ওই মাহফিলের প্রধান বক্তা হিসেবে ছিলেন। নিজের ব্যক্তিগত ফেসবুক লাইভে এসে এসব তথ্য নিশ্চিত করেন। এ সময় ৯ মিনিট ধরে গাড়িতে হামলার পুরো বিস্তারিত বিবরণ তুলে ধরেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।

মুফতি গিয়াস উদ্দিন তাহেরীকে বলতে শোনা যায়, ১ বার নয় ২৩ বার আমার গাড়ি ভাঙচুর করা হয়। তবে কখনোই এ বিষয়ে আমি ফেসবুক লাইভে আসিনি। কিন্তু এবার আসতে বাধ্য হয়েছি। কারণ আমার পরের মাহফিলটি ছিল পাবনায়। আমি যাতে পাবনা যেতে না পারি সেজন্য আমার গাড়িটি ভাঙচুর করা হয়।

মুফতি গিয়াস উদ্দিন তাহেরী আরও বলেন, তারা আমার গাড়ির যদি গ্লাসগুলো ভেঙে দিতো দুঃখ হত না, তারা আমার গাড়ির হেডলাইটগুলো ভাঙচুর করে ভেতরের বাল্বগুলো খুলে নিয়ে গেছে। আমি যেন রাতের আঁধারে পাবনা যেতে না পারি। 

মাওলানা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বলেন, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামণ্ডল এলাকায় মাহফিল ছিল। আমি আমার সফরসঙ্গীসহ গাড়ির চালককে নিয়ে আয়োজক কমিটির বাড়িতে খাবার খেতে যাই। খাবার খেয়ে আমি সোজা স্টেজে চলে যাই। আমি ওয়াজ শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে এ কাণ্ড ঘটায় দুর্বৃত্তরা। 

এ সময় দুর্বৃত্তদের উদ্দেশ্যে করে মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বলেন, ‘যুগে যুগে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আলেম ওলামারা লাঞ্ছিত হয়েছে। এটা নতুন কোনো ঘটনা নয়। যারা এ কাজ করেছে আমি আল্লাহ’র কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করি। হে আল্লাহ তুমি তাদের হেদায়াত দাও, যদি হেদায়াত না দাও তবে তাদের কে ধ্বংস করে দাও।’

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিকুল্লাহ বলেন, এ বিষয়ে কেউ আমাদের জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।