
নিজস্ব প্রতিবেদক : এসএসসি ও সমমান পরীক্ষাকে ঘিরে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “এসএসসি ও সমমান পরীক্ষা সুন্দর পরিবেশে সম্পন্ন করার জন্য আমাদের সব প্রস্তুতি রয়েছে। টেলিগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গুজব ছড়ানো হচ্ছে। আমরা এগুলো পর্যবেক্ষণ করছি এবং ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, ভবিষ্যতেও নেওয়া হবে।”
তিনি আরও বলেন, এ ধরনের গুজব ছড়িয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত পরীক্ষার পরিবেশ স্বাভাবিক ও সন্তোষজনক রয়েছে। “শিক্ষার্থী, অভিভাবক সবাই সন্তুষ্ট—এটাই আমাদের জন্য ইতিবাচক সংকেত,” যোগ করেন তিনি।
পরীক্ষার সময়সূচি নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ডিসেম্বর মাসেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে জানুয়ারিতেই নতুন ক্লাস শুরু করা যায় এবং শিক্ষাবর্ষে কোনো সময় নষ্ট না হয়।
তিনি বলেন, তরুণ জনগোষ্ঠীকে গবেষণা ও উদ্ভাবনে আরও এগিয়ে আসতে হবে। মেধাস্বত্ব সংরক্ষণ ও উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিযোগিতা, পুরস্কার এবং গবেষণা মেলার আয়োজনের ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা।
