‘একটি রাজনৈতিক গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে’ — মামুনুর রশিদ মামুন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন বলেছেন, ‘নির্বাচন সামনে রেখে একটি রাজনৈতিক গোষ্ঠী নানা অবান্তর দাবি তুলে দেশে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর চাটখিলে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আজিজ সুপার মার্কেটের সামনে এ র‍্যালিপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

মামুনুর রশিদ মামুন বলেন, ‘আমরা হুশিয়ার করে দিতে চাই, গত ১৭ বছরে আমরা কারও ছত্রচ্ছায়ায় রাজনীতি করিনি। রাজপথে থেকে ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন চালিয়ে যাচ্ছি। জনগণ এখন ভোট দিতে চায়, নির্বাচন চায়। জিয়া পরিবার ও দেশের স্বাধীনতার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক, তা মোকাবেলা করা হবে।’

তিনি আরও বলেন, ‘জনগণ সব ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নির্বাচনে বিএনপি তথা জিয়া পরিবারকে ক্ষমতায় আনবে— ইনশাআল্লাহ। তাই ধানেরশীষ প্রতীকের প্রার্থী যিনিই থাকুন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

সমাবেশে চাটখিল উপজেলা ও পৌর বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি চাটখিল বাজার প্রদক্ষিণ করে এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।