একটি ইসলামী দল অপপ্রচারে নেমেছে: এ্যানি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, একটি ইসলামী দল অপপ্রচারে নেমেছে। এত বেশি অপব্যাখ্যার মাধ্যমে তারা এখন বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর মহিলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি তাঁর শহরের বাসভবনে অনুষ্ঠিত হয়।

এ্যানি বলেন, “যারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে গুম-খুন, অপপ্রচার এবং মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে, এখন তাদের পাশে দাঁড়িয়েছে একটি ইসলামী দল। কীভাবে স্বৈরাচারকে পুনর্বাসন করা যায়, সেই পাঁয়তারা করছে দলটি।”

তিনি আরও বলেন, “একটি ইসলামী দল অপপ্রচারে নেমেছে। এত বেশি অপব্যাখ্যার মাধ্যমে তারা এখন বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে। এমন পরিস্থিতি মোকাবিলা করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সুন্দর দেশ ও সমাজ গড়াই আমাদের অঙ্গীকার।”

বিএনপি নেতা বলেন, “বেগম খালেদা জিয়া কারাবন্দী অবস্থায় থেকেও দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। ১৭ বছর ধরে তারেক রহমান দেশের বাইরে থেকেও নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তবুও স্বৈরাচার শেখ হাসিনা বিএনপিকে ধ্বংস করতে পারেনি।”

নারী ভোটারদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে এ্যানি বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হলে ঐক্যের বিকল্প নেই। বিশেষ ইসলামী ওই দলের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না।”

সভায় সভাপতিত্ব করেন পৌর মহিলা বিএনপির সভাপতি সালমা আক্তার রুমি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাফুফের সহসভাপতি ওয়াহেদ উদ্দিন চৌধুরী হ্যাপি, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও অ্যাডভোকেট হাফিজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।