এআই দিয়ে ছবি বানিয়ে লকডাউন দেখাচ্ছে আওয়ামী লীগ: এ্যানি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে লকডাউনের ভুয়া ছবি তৈরি করছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের জনতা ডিগ্রি কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ্যানি বলেন, ‘আওয়ামী লীগের লকডাউনে কোনো মানুষ নেই। এআই দিয়ে কিছু ছবি তৈরি করে তারা লকডাউন পালন করছে। কিছু নেশাগ্রস্ত ছেলেকে টাকার বিনিময়ে রাতে ঝটিকা মিছিল করে বাসে আগুন দিতে বলে ছবি তুলে ফেসবুকে ছড়ানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা বলেছিলেন যারা বাসে আগুন দেবে, তাদের আগুনে ফেলে দেওয়া হবে। এখন তিনি নিজেই পালিয়ে গেছেন। যাওয়ার আগে তাঁর আত্মীয়স্বজনদের বিদেশে পাঠিয়ে দিয়েছেন।’

বিএনপি নেতা দাবি করেন, শেখ হাসিনার আমলে অনেক নেতাকর্মী হামলা-মামলার শিকার হয়েছেন, কেউ কেউ গুম ও খুনেরও শিকার হয়েছেন।

তিনি বলেন, ‘স্বাধীনতার পর আওয়ামী লীগ দুর্নীতি, দুঃশাসন ও দূর্বৃত্তায়নের পথ বেছে নিয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি শিব্বির মাহমুদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেল্লাল হোসেন, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু এবং জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।