আরব আমিরাতে চট্টগ্রাম উন্নয়ন পরিষদের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

মোহাম্মদ আরমান চৌধুরী, আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রামের প্রবাসীদের সংগঠন ‘চট্টগ্রাম উন্নয়ন পরিষদ ইউএই’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রবাসীদের কল্যাণে কাজ করাই এ সংগঠনের প্রধান লক্ষ্য।

রোববার (১৯ অক্টোবর) রাতে দুবাইয়ের ইয়াকুব সৈনিক হাউসে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ইয়াকুব সৈনিককে সভাপতি, সেলিম রেজাকে সাধারণ সম্পাদক এবং জুলফিকার ওসমানককে অর্থ সম্পাদক করা হয়েছে।

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন মীর কামাল ও শরাফত আলী। সভায় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, আজিম উদ্দিন, নরুল আবছার, ফরিদুল আলমসহ অন্য সদস্যরাও।

সভাপতি ইয়াকুব সৈনিক বলেন, “আমিরাতে বসবাসরত চট্টগ্রামবাসীদের ঐক্যবদ্ধ করে তাদের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। এই সংগঠন চট্টগ্রামের সংস্কৃতি ও কৃষ্টিকে বিদেশের মাটিতে তুলে ধরার একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।”

উপদেষ্টা মীর কামাল বলেন, “সংগঠনের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে চট্টগ্রামের ভাষা ও সংস্কৃতিকে প্রবাসে ছড়িয়ে দেওয়া, জাতীয় ও সাংস্কৃতিক উৎসব পালন, অসহায় প্রবাসীদের সহায়তা, জরুরি চিকিৎসা সহায়তা এবং খেলাধুলা ও বিনোদনের আয়োজন।”

তিনি আরও বলেন, “এই সংগঠন প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও সহমর্মিতার বন্ধন দৃঢ় করবে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং প্রবাসীদের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখবে—এমনটাই আমাদের প্রত্যাশা।”

আরব আমিরাতে প্রায় প্রতিটি জেলার প্রবাসীদের সংগঠন রয়েছে। সেই ধারাবাহিকতায় ‘চট্টগ্রাম উন্নয়ন পরিষদ ইউএই’-এর পথচলা চট্টগ্রাম প্রবাসীদের মাঝে নতুন উৎসাহ যোগাবে বলে মনে করেন আয়োজকরা।