কক্সবাজার-বান্দরবানে বন্যায় রোহিঙ্গাসহ ২৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার :

টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে দুজন রোহিঙ্গাসহ ২৮ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও দুইজন।

শুক্রবার (১১ আগস্ট) সকালে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস ও বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এই জেলা প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ দিনে মারা যাওয়া এই ২৮ জনের মধ্যে দুজন রোহিঙ্গাসহ ২০ জন কক্সবাজারের ও আটজন বান্দরবানের। কক্সবাজারে মৃত্যুর পেছনে প্রধান কারণ পানিতে ডুবে যাওয়া এবং বান্দরবানে ভূমিধস।

এ বিষয়ে বান্দরবানে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বেনারকে বলেন, “বন্যা ও পাহাড়ধসে জেলায় ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ নিরূপণ করা হ‌চ্ছে। আটজনের মৃত্যু হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার তালিকা তৈরির কাজ চলছে।’
তিনি আরও বলেন, “এবার রেকর্ড প‌রিমাণ বৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। বৃ‌ষ্টিতে বি‌ভিন্ন স্থা‌নে পাহাড়ধস ও নিম্নাঞ্চল প্লা‌বিত হ‌য়ে‌ছে। তবে বৃষ্টি কমে যাওয়ায় বন্যা প‌রি‌স্থি‌তির উন্ন‌তি হ‌য়ে‌ছে।” অন্যদিনে কক্সবাজারে টানা অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস বেনারকে বলেন, “এ সময় পানিবন্দি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৪ কোটি টাকা।”

তিনি বলেছেন, “জেলায় আকস্মিক বন্যায় ৯ উপজেলার ৬০টি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া উপজেলা। এ উপজেলায় মারা গেছে ১১ জন। আর পেকুয়া উপজেলায় মৃত্যু হয়েছে ৬ জনের। এ ছাড়া উখিয়ায় দুজন এবং রামুতে একজনের মৃত্যু হয়েছে।”

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ডুবে যায় সাতকানিয়া-বান্দরবান মহাসড়ক।