চাঁদপুরে ট্রাকের পিছনের ডালা পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুঃ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago





ছবি : ভোরের পত্রিকা

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামে খেলতে গিয়ে ট্রাকের পিছনের ডালা পড়ে ফাহমিদা আক্তার (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে ভূঁইয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ফাহমিদা আক্তার ভূঁইয়ারা বেপারী বাড়ির সাগর হোসেনের ছোট মেয়ে।

নিহতের বাবা সাগর হোসেন জানান, ফাহমিদা আক্তার বাড়ির সামনের রাস্তায় অন্যান্য শিশুদের সাথে খেলতে যায়। এসময় ফাহমিদার চেয়ে একটু বড় শিশুরা রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকের উপরে উঠতে চেষ্টা করলে আকষ্মকিভাবে ট্রাকের ডালা খুলে পড়ে ফাহমিদার মাথায় পড়ে মাথা ফেটে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।

স্থানীয় লোকজনরা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফুটফুটে চেহারার শিশুটির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠছে। স্থানীয় অধিবাসীদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।