চাঁদপুরে মাটির নিচে পুঁতে রাখা ড্রাম থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার, নারী আটক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ দিন আগে

চাঁদপুর শহরে মাটির নিচে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ড্রাম থেকে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় তাসলিমা নামের এক নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে শহরের ফরিদগঞ্জ-চাঁদপুর বাইপাস সড়কের ভূঁইয়া বাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাসলিমাকে আটক করা হয়। পরে তাঁকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের বারান্দায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বিশেষ কৌশলে মাটির নিচে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ড্রামের সন্ধান পান অভিযান পরিচালনাকারীরা।

পরে মাটি খুঁড়ে ড্রামটি তুলে সেটি খুলে তল্লাশি করা হয়। এ সময় ড্রামের ভেতর থেকে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজা জব্দ করে নিজেদের হেফাজতে নেয় ডিএনসি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

মিজানুর রহমান বলেন, চাঁদপুরকে মাদকমুক্ত রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত কঠোর অভিযান চালানো হবে।